আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ সকাল | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী অঞ্জনা রহমান চলে গেলেন না ফেরার দেশে


না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিল্পী সমিতির সাভপতি শহীদ হাসান মিশা (মিশা সওদাগর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে অঞ্জনার মৃত্যুর খবর জানিয়েছেন, জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা রহমান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।

টানা ১০ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

author

Editor

অভিনেত্রী অঞ্জনা রহমান চলে গেলেন না ফেরার দেশে

Please Login to comment in the post!
adds

you may also like