- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে খুলনায় নেওয়ার পথে চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার বাকলিয়া এলাকায় বিশেষ অভিযানে খুলনা জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (সকাল) বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা-পুলিশ কর্ণফুলী নদীর উত্তর পাড়ে শাহ আমানত সেতু এলাকায় একটি তল্লাশি চৌকি স্থাপন করে। কক্সবাজার থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে আশিকুল ইসলামকে থামানো হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুল ইসলাম স্বীকার করেছেন, তিনি কক্সবাজার থেকে এই মাদক সংগ্রহ করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। জানা গেছে, তিনি নিয়মিত ডিউটি শেষে সোমবার দপ্তরের কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন। পরদিন ভোরে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশের মাধ্যমে তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ্যে আসে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম বাবর আলী মুন্সী। তিনি দীর্ঘদিন ধরে খুলনা জেলা পুলিশে কর্মরত থাকলেও মাদক পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।