- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: অবশেষে মুক্তি পেয়েছেন অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্য। ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণের তিন দিন পর সোমবার (৪ মে) সকালে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল এলাকা থেকে একটি জেলে নৌকার মাধ্যমে তাকে শ্যামনগর উপজেলার মীরগাং এলাকায় আনা হয়। পরে মোটরসাইকেলে করে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজারে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের যুবদল নেতা মাহমুদুল হাসান ডনকে আটক করেছে পুলিশ। এছাড়া আব্দুর জব্বারসহ আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।
অপহৃত অনিমেষ পরমান্যের পরিবারের সদস্যরা জানান, শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে অসুস্থ গরুর চিকিৎসার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে গিয়ে তার নিজের মোবাইল ফোন থেকেই স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
নিখোঁজের ঘটনায় শনিবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর প্রশাসন উদ্ধার অভিযানে নামে। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী রবিবার রাতে পরিবারের সদস্যরা ৭ লাখ টাকা নিয়ে মীরগাং এলাকায় অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা আর যোগাযোগ করেনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড, পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান শুরু করার আগেই অপহরণকারীরা অনিমেষ পরমান্যকে ছেড়ে দেয়। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
অপহৃত অনিমেষ পরমান্য অভিযোগ করেন, তাকে প্রতারণার মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং মুক্তিপণের জন্য চাপ প্রয়োগ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।