- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: অবশেষে খুলনা ওয়াসার ‘পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’–এর প্রকল্প পরিচালক (রুটিন দায়িত্ব) পদ থেকে নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-৩ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ওই আদেশে উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বাক্ষর রয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সচল রাখতে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে দ্রুত নতুন প্রকল্প পরিচালক নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করা হবে।
রেজাউল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে।
অভিযোগ রয়েছে, প্রকল্প পরিচালক পদ পেতে তিনি বিভিন্ন মহলে তদবির চালিয়েছেন। এমনকি অতীতে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি ‘রুটিন দায়িত্ব’ হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব পান বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত বছরের ১১ ডিসেম্বর কোনো নিয়োগ পরীক্ষা বা বোর্ড সভা ছাড়াই তাকে এই দায়িত্ব দেওয়ায় ওয়াসার ভেতরে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। প্রকল্পটির মতো বড় উদ্যোগ পরিচালনায় তার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা নিয়েও প্রশ্ন ওঠে।
প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার এই বৃহৎ পানি সরবরাহ প্রকল্পে প্রকল্প পরিচালকের জন্য ন্যূনতম চতুর্থ গ্রেডের প্রকৌশলী থাকার বিধান থাকলেও, রেজাউল ইসলাম ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা হয়েও দায়িত্ব পান—যা নিয়ে সংস্থার ভেতরে বিভাজন ও উত্তেজনা তৈরি হয়।
এছাড়া দরপত্র মূল্যায়ন কমিটিতে তার সম্পৃক্ততা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে।
রেজাউল ইসলামকে অব্যাহতি দেওয়ার পর খুলনা ওয়াসার ভেতরে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে একজন অভিজ্ঞ ও যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হলে প্রকল্পের কাজের গতি ও স্বচ্ছতা বাড়বে।
তবে অব্যাহতির পরও তিনি পুনরায় প্রকল্প পরিচালকের পদ পেতে বিভিন্ন মহলে তদবির করছেন—এমন অভিযোগও উঠেছে, যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।