- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি-২ আবাসিক এলাকার প্রবেশপথ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তরিকুল ইসলাম তানভীর (২৫), পিতা: মোঃ আলামিন উকিল, ঠিকানা: ২২ নং চানমারী মেসের সড়ক (৩০ নং ওয়ার্ড), খুলনা সদর এবং মোঃ কামাল হোসেন (৩৩), পিতা: আব্দুল মালেক মুন্সি, ঠিকানা: মোল্লাপাড়া ভাই ভাই গলি, লবণচরা, খুলনা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি টিম সিউল সিটি আবাসিক এলাকার সামনে অবস্থান নেয়। এসময় যশোর-ল ১২-৮৫৯৬ নম্বরের একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এটি নিয়মিত টহল ও তল্লাশির অংশ হিসেবে পরিচালিত একটি সফল অভিযান।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।