আজকের তারিখ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ বিকাল | ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৪


নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নুর আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়ল গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নুর আলম মারা যান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) এসএম আল বেরুনী বিষয়টি নিশ্চিত করেছেন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষে জড়িতরা স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে ছিল এবং তারা উভয়েই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

author

Editor

তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৪

Please Login to comment in the post!
adds

you may also like