- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনায় বাসা দেখার কথা বলে প্রবেশ করে দস্যুতার ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত কিছু মালামালসহ ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মামলার বাদী চয়ন কুমার মণ্ডল (৩৬) থানায় অভিযোগ করেন যে, তিনি বাসা ভাড়ার জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেন। পরে গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বেলা ১১টা ৩০ মিনিটে তিনজন অজ্ঞাত ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে তার বাসায় আসে।
বাসা দেখার পর তারা পানি খাওয়ার অনুরোধ করলে বাদীর স্ত্রী সরল বিশ্বাসে ঘরের সামনে তাদেরকে পানি খাওয়ান। সুযোগ বুঝে ওই ব্যক্তিরা বাদীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে মুখে টেপ ও ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং ঘর থেকে নগদ ৬২ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের কানের দুল ও ২টি স্বর্ণের আংটি লুট করে পালিয়ে যায়।
অভিযোগের পর সদর থানা পুলিশের চৌকস টিম দ্রুত অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে ১ নভেম্বর রাত ২টা ৫০ মিনিটে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোডের গ্লাক্সোর মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. আরিফ হাসান রাসেল (২৯), পিতা মো. আমির আলী, সাং কৃষ্ণনগর, থানা বাগেরহাট সদর, জেলা বাগেরহাট;
২. মারিয়া আক্তার মুন্নি (১৯), পিতা শাহাদাৎ হোসেন, সাং বিশারীঘাটা, থানা মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট;
৩. কলি পান্ডে (৪৫), স্বামী সনজিত রায়, সাং দাউনিয়াফাদ, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি আসল পিস্তল সদৃশ কালো রঙের লাইটার পিস্তল, তিনটি মোবাইল ফোন, একটি ডার্ক ব্লু ক্যাপ, দুই জোড়া স্যান্ডেল, একটি ডার্ক ব্লু রঙের রোরকা ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা নং–০১, তারিখ–০১/১১/২০২৫, ধারা–৩৯৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
কেএমপি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে দস্যুতায় জড়িত অন্যান্য সহযোগীদেরও শনাক্তের চেষ্টা চলছে।