- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলায় আছিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারীপাড়া মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আছিয়া বেগম ওই এলাকার শহীদ মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আছিয়া বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নড়াইল সদর থানার রেজা কাজীর ছেলে মো. হোসেন কাজী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে বাড়ির ছাদের একটি পানির ট্যাংকির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পুলিশের ধারণা, পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
উল্লেখ্য, স্থানীয়দের ধারণা, আছিয়া বেগমের পরিবারের সদস্যরা বাইরে থাকাকালে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।