- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক যুবককে আটক করেছে।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আড়াইটার দিকে খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকায় অভিযান চালায়। এসময় আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭), পিতা মোতালেব হোসেন, সাং—বঙ্গবাসী রোড নং-১৯, থানা—খালিশপুর, খুলনা কে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৫ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত নয়ন দীর্ঘদিন ধরে জাল টাকা সরবরাহ ও বিতরণের সাথে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই চক্রের সাথে সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন।
ঘটনার বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত নয়নের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।