আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন ও মোটরসাইকেল উদ্ধার; পালাল দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) সুমন হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় হাজী ইসমাইল রোডস্থ চশমাওয়ালার মোড় থেকে পল্লীমঙ্গল স্কুল সংলগ্ন পল্লীমঙ্গল জামে মসজিদের সামনে পৌঁছালে পুলিশ দেখতে পায়, ৪/৫টি মোটরসাইকেলে ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তি মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে অবস্থান করছে।

পরে পুলিশ তাদের নিকটে পৌঁছালে ইউনিফর্ম পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে কেডিএ এভিনিউয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার ওপর ফেলে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের একজনের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ঘটনাস্থলে পড়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ ৪ রাউন্ড তাজা গুলি এবং একটি নীল-কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করে।

এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-৮, তারিখ: ১১ এপ্রিল ২০২৬ এবং জি আর নং-৮২।

পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

খুলনায় বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন ও মোটরসাইকেল উদ্ধার; পালাল দুর্বৃত্তরা

Please Login to comment in the post!
adds

you may also like