আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ রাত | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ: মহেশ্বরপাশার দুই বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব


খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর মহেশ্বরপাশা এলাকায় ফিল্মি স্টাইলে সন্ত্রাসীদের গুলিবর্ষণে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে দুষ্কৃতকারীরা দুইটি বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে মহেশ্বরপাশা মধ্যপাড়া এলাকায় মোটরসাইকেলযোগে ৪-৫ জন যুবক আসে। তারা প্রথমে স্থানীয় ব্যবসায়ী হাবিবুল্লাহ সরদারের বাড়ির সামনে এসে অন্ধকারে অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই গুলি ছোড়া শুরু করে। একই সময়ে পাশের সাইদুর রহমানের বাড়িতেও গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন,“রাতের দিকে বাইরে হঠাৎ বিকট শব্দ শুনে দরজা খুলে দেখি, কয়েকজন হেলমেট পরা যুবক দ্রুত মোটরসাইকেলে চড়ে চলে যাচ্ছে। ভয়ে কেউ ঘর থেকে বের হতে পারেনি।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন,“ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলির খোসা উদ্ধার করেছে। কারা এই হামলায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভয়ভীতি প্রদর্শনের ঘটনা।”

ওসি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

গুলিবর্ষণের ঘটনার পর থেকে পুরো মহেশ্বরপাশা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ রাতে বের হতে ভয় পাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই বাড়ির মালিকদের সঙ্গে সম্প্রতি কিছু ব্যক্তির বিরোধ ছিল। সেই বিষয়েও তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

author

Editor

খুলনায় ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ: মহেশ্বরপাশার দুই বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব

Please Login to comment in the post!
adds

you may also like