আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ইট-বালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান মুন্সী (৩৮) নামের এক ইট-বালি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নগরীর ১নং কাস্টম ঘাট এলাকার মুন ব্রিকসের অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমরান মুন্সী খুলনা সদর থানার ১নং মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইট-বালি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে মুন ব্রিকস অফিসে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ সেখানে ঢুকে পড়ে। এক পর্যায়ে তারা ইমরানের মাথায় পিস্তল ঠেকিয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে এ হত্যাকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ বলছেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড নগরীর শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

author

Editor

খুলনায় ইট-বালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

Please Login to comment in the post!
adds

you may also like