- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনা, ২৫ ডিসেম্বর: খুলনা মহানগরীর চাঞ্চল্যকর শিউলি বেগম (৫০) হত্যা মামলার একমাত্র পলাতক আসামি ও তার ছেলে রিয়াদ খান (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৬। ফেনী জেলার সদর থানাধীন এলাকা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, র্যাব-৬ সিপিসি সদর কোম্পানি এবং র্যাব-৭ এর সিপিসি-১, ফেনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রিয়াদ খানকে আটক করে। গ্রেফতারকৃত রিয়াদ খুলনার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের সালাউদ্দিন খানের ছেলে।
নিহত শিউলি বেগম ছিলেন রিয়াদের মা। তিনি পেশায় সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। অভিযোগ অনুযায়ী, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে খুলনা সদর থানাধীন মিউনিসিপ্যাল ট্যাংক রোড এলাকার একটি বাসায় অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মাকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর নিহতের ছোট ভাই ডুমুরিয়া উপজেলার সেনপাড়া এলাকার রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় রিয়াদ খানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে নগদ ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্টফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।