আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ রাত | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। অন্যদিকে শ্রমিকদের পক্ষ থেকে অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ, ওভারটাইমের টাকা প্রদান, ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালসহ ৮ দফা দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। সকালে শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিলে কর্তৃপক্ষ পুলিশ ডেকে আনে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিকদের দাবি, পুলিশের হামলায় নারী শ্রমিকসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের গাজীপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকরা হঠাৎ করে ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কের একটি অংশ অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন,

“উশৃঙ্খল শ্রমিকরা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় আমাদের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন।”

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বেলা ১১টার দিকে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

বর্তমানে কারখানার সামনে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

author

Editor

কোনাবাড়ীতে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Please Login to comment in the post!
adds

you may also like