- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন দুই আসামি ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ঢাকাইয়া শামীম ওরফে শামীম সরদার একজন শীর্ষ সন্ত্রাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোতালেব সিকদারকে সরাসরি মাথায় গুলি করার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া ঘটনার সময় উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন অপর আসামি মাহাদিন।
এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় মোতালেব সিকদারের সহযোগী আরিফ হোসেন (৩৫) কে আটক করে র্যাব। র্যাব-৬ জানায়, মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর আরিফ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ নামের একটি ভবনের নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব সিকদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬-৭ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-তে হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।