- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে কোর্স পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল হক, পিপিএম।
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। আজ (৭ অক্টোবর) ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি রেজাউল হক।
তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা পাবেন।”
তিনি আরও বলেন, “নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরআরএফ খুলনার কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ হাতেম আলী (পিপিএম-সেবা), খুলনার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন, প্রশিক্ষণ ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব আনিসুজজামান (অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস), প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।