- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার): রাজধানীর দক্ষিণ মান্ডা ও কদমতলী এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক যৌথ অভিযানে ৩টি পিস্তল, গোলাবারুদ, মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার মধ্যরাতে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডার বালুর মাঠ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনোয়ারুল (৪০) ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (৩০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, এর আগে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোড এলাকায় পরিচালিত আরেকটি যৌথ অভিযানে ইউনুছ রহমান জনি (৩৯) ও মোহন আহমেদ জনি (৪১) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ২টি ডামি পিস্তল, ১টি স্টান গান এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে।