আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: র‍্যাব শহিদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: খুলনার রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী শহিদ শেখ ওরফে র‍্যাব শহিদসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী মো. আসাদুজ্জামান শেখ বাদী হয়ে রামপাল থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উজড়কুড় ইউনিয়নের শিবনগর কানার খাল সংলগ্ন এলাকায় র‍্যাব শহিদের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা লবণ-ঝালের গুড়া, ধারালো অস্ত্র, লোহার রড, শাবল ও লাঠি-সোটা ব্যবহার করে রুবেল, শাহআলম, শাহীন ও আব্দুল্লাহসহ অন্তত ৬ জনকে গুরুতর জখম করে। আহতদের মধ্যে রুবেল ও শাহআলমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, হামলার সময় আজমীর, রনী ও আসাবুরের কাছে থাকা তিনটি স্মার্টফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

স্থানীয়দের অভিযোগ, র‍্যাব শহিদ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, বোমা তৈরি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র চালানোর অভিযোগ রয়েছে। ২০২৪ সালে এম এ হাকিম নামে এক ছাত্রদল নেতাকে হত্যা করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে শহিদ ও তার সহযোগীদের গ্রেফতার করা হোক।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। মামলাটি রেকর্ড করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

author

Editor

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: র‍্যাব শহিদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

Please Login to comment in the post!
adds

you may also like