- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাবাসীর নির্মম উল্লাসের দৃশ্যও দেখা গেছে—মৃত ব্যক্তির শরীরে লবণ ছিটিয়ে আনন্দ প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই যুবক স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে ফেলেন, অন্যজন পালিয়ে যায়। আটক যুবককে (বয়স আনুমানিক ৩৫) রশি দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ছিনতাইয়ের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীর কেউ কেউ মৃত ব্যক্তির গায়ে লবণ ছিটিয়ে উল্লাস করতে দেখা যায়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। মঙ্গলবারের ঘটনায় জনরোষই প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “মৃত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”