- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের নিজ বাসভবনে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত তাঁর তিনতলা বাড়ি থেকে বিদ্যুতের সার্ভিস লাইনের তামার তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। বাহিনীর প্রধানের বাড়িতে এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক তদন্ত টিম মাঠে কাজ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই বাগেরহাট শহরের একটি ভাঙারি দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার স্থানীয় কোনো ভাঙারি দোকানে বিক্রির চেষ্টা করা হতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাট এলাকায় ঝড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপিত থাকলেও দুর্বৃত্তরা কৌশলে ক্যামেরার নজর এড়িয়ে যায় এবং বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে এবং সন্দেহভাজনদের গতিবিধি শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।