- by Editor
- Jan, 02, 2025 18:05
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আবদুল হাকিম বিকেল পাঁচটার দিকে তাঁর গ্রামের খামারবাড়ি থেকে একজন সহযোগীকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা একদল অস্ত্রধারী তাঁর গাড়ির পিছু নেয় এবং মদুনাঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আবদুল হাকিমসহ গাড়িতে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ব্যবসায়ী আবদুল হাকিমের গাড়িতে গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল হাকিম পেশায় ভেষজ পণ্যের ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি গরুর খামার ও বালু উত্তোলনের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি রাউজানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন, যদিও দলীয় কোনো পদে ছিলেন না।
উল্লেখ্য, রাউজানে চলমান রাজনৈতিক সহিংসতায় গত ৫ আগস্টের পর থেকে মোট ১৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে জানা গেছে। বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিকবার উত্তেজনা দেখা দেয় এবং এসব ঘটনায় অন্তত ৩০০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।