- by Editor
- Jan, 02, 2025 18:05
সোনালী ডেক্স: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোড এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। তিনি জানান, জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটে শোয়া অবস্থায় কেকার মরদেহ উদ্ধার করে। পরে মহিলা পুলিশ মরদেহ পরীক্ষা করে শরীরের একাংশে রক্ত জমাট দেখতে পান।
পারিবারিক সূত্রে জানা গেছে, কেকার মেয়ে দিতান বিকেল থেকে মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে রুমের দরজা খুলে দেখতে পান তার মা মৃত অবস্থায় খাটে পড়ে আছেন। পরে তিনি তার বাবাকে বিষয়টি জানান।
দিতান আরও জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তার হার্টে রিং পরানো হয়েছিল।
এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, শারমিন মৌসুমি কেকা সম্প্রতি জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলার আসামি ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।