- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনায় ওএমএস পণ্য বিক্রেতার কাছে চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিক ও আব্দুল্লাহ বাস্তুহারা মোড় এলাকায় ওএমএস পণ্য বিক্রি করছিলেন এমন এক ডিলারের কাছে গিয়ে চাঁদা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছেন।
আটক সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।
খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন,“সকাল সাড়ে ৯টার দিকে দু’জন যুবক ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে পুলিশে খবর দেয়। আমরা তাদের থানায় নিয়ে এসেছি। ডিলার এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদাবাজির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তদন্তের দাবিও উঠেছে।