- by Editor
- Jan, 02, 2025 18:44
সোনালী ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান। সভায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার জানান, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হবে। পরিপত্র অনুযায়ী এখন থেকেই সারাদেশে যৌথবাহিনীর অপারেশন কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে সকল বাহিনী প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।
মো. সানাউল্লাহ বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের যে সরবরাহ রয়েছে তা উদ্ধার করা। যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করা। আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে যৌথবাহিনী তা দেখবে, আর ছোটখাটো ব্যত্যয় সংশ্লিষ্ট রুটিন কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সতর্ক করে নির্বাচন কমিশনার বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।