আজকের তারিখ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ রাত | ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


রূপসা প্রতিনিধি: খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে রূপসা উপজেলার সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার রূপসার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা সহজীকরণ এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করা জরুরি। জনগণের সমস্যাকে প্রাধান্য দিয়ে প্রতিটি দায়িত্ব পালন করতে হবে।”

সভায় সুধীজনরা রূপসার বিভিন্ন সমস্যা, ভোগান্তি, অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ এবং রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ সবুর খান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী শোভন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

এছাড়া বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুধীজন ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা রূপসার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, যুব উন্নয়নসহ নানা বিষয়ে মতামত দেন। জেলা প্রশাসক এসব প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সভা শেষে রূপসার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

author

Editor

রূপসায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like