- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে সেনা সমন্বিত যৌথবাহিনীর অভিযানে বিএনপির স্থানীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য এনামুল হক মোল্লাকে সাত সহযোগীসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম বরকুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এনামুল হক মোল্লা ও তাঁর সাত সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, দুটি শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল ও কামরুল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলম জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্র জানায়, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি আবারও গাজীপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও সশস্ত্র গ্রুপ পরিচালনার অভিযোগও রয়েছে।
অভিযানের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।