- by Editor
- Jan, 03, 2025 07:49
রূপসা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হলে জনগণকে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয়।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের মতামত ও ভোটাধিকারই সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, বিগত সরকার টানা ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। হিংসাত্মক রাজনীতি ও দমন-পীড়নের মাধ্যমে দেশ পরিচালনার ফলে তারা আজ দেশের কোনো প্রান্তেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে না। এটি তাদের অপকর্মেরই পরিণতি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পরিচালনায় বিশ্বাসী। আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মাস্টার আলহাজ্ব আঃ আজিজ মোড়ল এবং সঞ্চালনা করেন মোঃ কামরুজ্জামান।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান, হাফেজ মাওলানা তারেক মাহমুদ, সরদার সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা মহিলা দলের নেত্রী শাহানাজ ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।