- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন— পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন (৬৩) এবং তার ছেলে সাইফুল ইসলাম (৪৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে চায়না খাতুন হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালের সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে যান ছেলে সাইফুল ইসলাম। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন বলেন, “বৃদ্ধা নারীকে ভর্তি করার কিছুক্ষণ পরই তার অবস্থার অবনতি হয়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই তার ছেলে মায়ের মৃত্যুর খবর শুনে পড়ে যান এবং তাকেও মৃত ঘোষণা করা হয়। এমন হৃদয়বিদারক মৃত্যু খুবই বিরল।” চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জেরিন জেসি জানান, চায়না খাতুন ভর্তি হওয়ার প্রায় ১৫ মিনিট পর মারা যান। এরপরই তার ছেলে অসুস্থ হয়ে পড়লে জরুরি বিভাগে আনা হয় এবং তাকেও মৃত ঘোষণা করা হয়। এমন মৃত্যুর ঘটনায় হাসপাতালের কর্মী, রোগী ও তাদের স্বজনদের চোখেও অশ্রু নেমে আসে।