- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: মৎস্য রপ্তানি খাতে স্বচ্ছতা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে ই-ট্রেসিবিলিটি পাইলট প্রকল্পের অর্জনভিত্তিক একটি প্রকাশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে হস্তান্তর করেছে ফোয়াব (FOAB)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশনাটি গ্রহণ করেন মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।
ফোয়াবের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য রপ্তানি ব্যবস্থাকে আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে ই-ট্রেসিবিলিটি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটির মাধ্যমে উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা খাদ্য নিরাপত্তা ও পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
এসময় প্রতিনিধিদল মন্ত্রীর কাছে চলমান জলমহল নীতিমালা সংশোধনের মাধ্যমে দেশব্যাপী সমাজভিত্তিক মৎস্য চাষ—বিশেষ করে দাউদকান্দি মডেল—বাস্তবায়নের আহ্বান জানায়। তারা জানান, নীতিমালা আধুনিকায়ন করা হলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোয়াব সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কক্সবাজার আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ খলিলুল চৌধুরী, যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু তোহা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সদস্য মো. ইব্রাহিম হোসেনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ই-ট্রেসিবিলিটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মৎস্য রপ্তানি খাত আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবে।