- by Editor
- Jan, 15, 2025 07:21
সোনালী প্রতিবেদনঃ রানিং এলাউন্সসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। কমলাপুর স্টেশন থেকে গতকাল রাত পৌনে একটায় পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবার পর আর কোনো ট্রেন যাত্রা করেনি। এতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে যেসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাবার কথা ছিল তারা পড়েছেন বিপাকে।
কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা।
তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
শারমিন আক্তার নামে এক নারী বলেন, আমার সঙ্গে ২টা বাচ্চা রয়েছে। এখন শুনছি ট্রেন চলবে না। বাচ্চাদেরকে নিয়ে কীভাবে যাবো, চিন্তায় পড়ে গেলাম।
আহসান আশিক নামে এক যাত্রী বলেন, ট্রেন ধরার জন্য আগেভাগেই এসেছি। কিন্তু এখন এসে দেখি বলছে, অবরোধ চলছে। তাই ট্রেন চলবে না। এতে তো সমস্যায় পড়ে গেলাম।
এছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা, সিল্কসিটি, মধুমতি এক্সপ্রেসসহ খুলনা ও চীলাহাটি গামী ট্রেনগুলোর জন্য প্রতিদিনের মতো আজও ছিলো টিকেট কাটা যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে টিকিট কেটেও গন্তব্যে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
এদিকে চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকার খবর জানা গেছে।