নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা।
এর আগে ছাত্রসমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাঙচুরের জন্য ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটি ভাঙচুর চলছিল।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন ৪ আগস্ট খুলনার এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র-জনতা। সেদিন ছাত্রজনতার ক্ষোভে দফায় দফায় ভাঙচুরের পর আগুন দেয়া হয় বাড়িটিতে।
এদিকে বুধবার বিকাল থেকে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক পোস্টে শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দেও বলে পোস্ট দেয়া হয়।
লাল প্রাচীরঘেরা নগরীর শেরেবাংলা রোডের দোতলা এই বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। পরিস্থিতি আঁচ করতে পেরে ৪ আগস্ট তারা পালিয়ে যায়। যাওয়ার আগে এই বাড়ি নিয়ন্ত্রণ করতো খুলনাসহ পুরো দক্ষিণাঞ্চল।