আজকের তারিখ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ দুপুর | ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চিতলমারীতে গৃহবধূ শ্রাবণীর গয়না ফেরত, এনজিওর দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের চিতলমারীতে আলোচিত গৃহবধূ শ্রাবণী হীরার গয়না ফেরত দিয়েছে এনজিও ডিএফইডি (DFID) কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এনজিওর স্থানীয় শাখা থেকে শ্রাবণীর কাছে তার বদনা, নাকফুল ও আংটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তদন্ত শেষে সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথমাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে এনজিও কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের শ্রাবণী হীরার কাছ থেকে জোরপূর্বক ঋণ আদায়ের সময় এনজিওর মাঠকর্মীরা তার বাড়ি থেকে কিছু গৃহস্থালি সামগ্রী ও গয়না নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ নিয়ে এনজিও ডিএফইডি’র আঞ্চলিক কার্যালয় তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সোমবার রাতে অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এনজিওর আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন্দ্রীয় দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।”

এদিকে গৃহবধূ শ্রাবণী হীরা সাংবাদিকদের বলেন,“আমার জিনিসপত্র ফেরত পেয়েছি, কিন্তু যে অপমানটা হয়েছে, তা ভোলার নয়। আমি চাই এমন আচরণ যেন আর কোনো গরিব মহিলার সঙ্গে না হয়।”

চিতলমারী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন,“এ বিষয়ে স্থানীয় প্রশাসন অবহিত আছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনার ঝড় বইছে। স্থানীয়রা বলছেন, দরিদ্র নারীদের সঙ্গে এনজিওকর্মীদের এমন আচরণ নজরদারির আওতায় আনা প্রয়োজন।

author

Editor

চিতলমারীতে গৃহবধূ শ্রাবণীর গয়না ফেরত, এনজিওর দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Please Login to comment in the post!
adds

you may also like