- by Editor
- Jan, 15, 2025 10:37
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিথুনের (৪৫) মরদেহ দীর্ঘ ৭০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে জাবুসা জেমিনি সী ফুডস কোম্পানির অদূরে নিমতলা এলাকার নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা রূপসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গত রোববার রাতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়া মিথুনের মরদেহ।”
উল্লেখ্য, গত রবিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে একটি যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা লাগলে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় দুজন উঠতে পারলেও মিথুন নিখোঁজ হন। ঘটনাটির পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ টানা তিন দিন উদ্ধার অভিযান চালায়।
নিহত মিথুন খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রূপসা উপজেলার তালিমপুর গ্রামে। পেশাগত কাজ শেষে সেদিন রাতে তিনি ট্রলারে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়দের ভাষ্যে, নদীতে স্রোত ও ঘোলাটে পানির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। অবশেষে বুধবার সকালে ভাটার সময় নিমতলা এলাকায় মরদেহটি ভেসে ওঠে।
নিহতের মৃত্যুতে খুলনার স্বাস্থ্যখাতের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।