- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক | খুলনা | ১০ নভেম্বর ২০২৫, সোমবার রাত
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওসি সিরাজুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনা হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছেন।
চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ৭টা ২৬ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে স্ট্রোকজনিত কারণে মৃত ঘোষণা করেন।
পেশাদার এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন।
তিনি ০২ ফেব্রুয়ারি ১৯৮৬ খ্রি. সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ৯ মাস ৮ দিন।
ওসি সিরাজুল ইসলাম ২০১১ সালের ১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৪ বছরের কর্মজীবনে তিনি যশোর, মাগুরা ও খুলনা জেলায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ২৯ আগস্ট ২০২৪ খ্রি. থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দাকোপ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।