- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত মো: এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩০ নভেম্বর দুপুরে খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০)কে প্রকাশ্যে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই র্যাব-৬ এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন ভিডিও ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে।
র্যাব-৬ এর অধিনায়ক আরও জানান, সংগৃহীত ভিডিও ফুটেজ ও মোবাইলে ধারণকৃত দৃশ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মো: এজাজুল হোসেনকে শনাক্ত করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এজাজুল ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এজাজুল জোড়া হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী আরও ৭ জনের নাম র্যাবকে জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মামলার তদন্তে প্রয়োজনীয় সব আলামত সংগ্রহ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এই প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব আশা প্রকাশ করেছে, দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হবে।