- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আলোচিত এক মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা আব্দুল জলিল মণ্ডল বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।