- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন এলাকায় কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩০ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাটের মোংলা থানা এলাকার সীমান্ত খাল সংলগ্ন স্থানে ছোট সুমন বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এর প্রেক্ষিতে সোমবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাহিনীটি ডাকাতদের একটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করে দেয়। এসময় সেখান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।