- by Editor
- Jan, 03, 2025 07:49
নিজস্ব প্রতিবেদক: খুলনার দিঘলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ইউনিয়ন নেতার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, ২ নম্বর বারাকপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আলম চৌধুরীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। তিনি গ্রাম লাখোয়াটী, উপজেলা দিঘলিয়া, জেলা খুলনা-এর বাসিন্দা।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২ মার্চ ২০২৬ ইং তারিখে কামারগাতী খেয়াঘাটে এক ট্রলার চালকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, এ আদেশ ৩ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। চিঠিতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুর রহমান মিন্টুর নামও উল্লেখ রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন ব্যবস্থা অব্যাহত থাকবে।