- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে। তিনি জাতীয় শ্রমিক শক্তি খুলনা মহানগর কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলিটি তার কানের পাশ দিয়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সিটি স্ক্যানের সুবিধা না থাকায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অভ্যন্তরীণ কোন্দলের জেরেও হতে পারে। তিনি আরও বলেন, ঘটনার আশপাশের এলাকায় নারী ও মাদককেন্দ্রিক অপরাধের প্রবণতা রয়েছে—বিষয়টি তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, “মোতালেবকে মাথা লক্ষ্য করে গুলি করা হলেও গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সার্বিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।