আজকের তারিখ: শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ দুপুর | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি: হত্যা থামাতে পারেনি জনপ্রিয়তার স্রোত


একটি জাতির জন্য সবচেয়ে ভয়াবহ সংকেত আসে তখনই, যখন ভিন্নমত, জনপ্রিয়তা কিংবা নেতৃত্বের জবাব দেওয়া হয় বুলেট দিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণদের প্রিয় নেতা ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির জীবনহানিই নয়—এটি গণতান্ত্রিক চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের ওপর সরাসরি আঘাত।

ওসমান হাদি ছিলেন সময়ের সন্তান। রাজনীতির চেনা মুখোশের বাইরে গিয়ে তিনি কথা বলেছেন স্পষ্ট ভাষায়, দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, উচ্চারণ করেছেন তরুণ প্রজন্মের না বলা ক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ—সবখানেই তাঁর উপস্থিতি ছিল দৃঢ় ও প্রভাবশালী। জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন পদ-পদবির জোরে নয়, পেয়েছিলেন মানুষের আস্থায়।

তাঁর জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে—ওসমান হাদি কোনো একক রাজনৈতিক গোষ্ঠীর নেতা ছিলেন না; তিনি হয়ে উঠেছিলেন গণমানুষের কণ্ঠস্বর। “আমরা সবাই হাদি হবো”—এই স্লোগান কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, এটি এক ধরনের রাজনৈতিক প্রতিজ্ঞা। হত্যার মাধ্যমে তাঁকে থামিয়ে দেওয়া যাবে—এই ধারণা যে কতটা ভুল, তা ওই জনসমুদ্রই স্পষ্ট করে দিয়েছে।

দুঃখজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রিয়তা অনেক সময় হয়ে ওঠে আতঙ্কের কারণ। যে নেতা প্রশ্ন তোলে, যে নেতা জনতার সমর্থন পায়, তাকেই নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চলে। ওসমান হাদির হত্যাও সেই ধারারই একটি ভয়ংকর উদাহরণ। কিন্তু ইতিহাস বলে—বুলেট কখনো আদর্শ হত্যা করতে পারে না, পারে না মানুষের বিশ্বাস মুছে দিতে।

আজ সবচেয়ে জরুরি প্রশ্ন হলো—এই হত্যার বিচার হবে তো? শুধু আনুষ্ঠানিক তদন্ত আর আশ্বাসে নয়, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে, এখানে জনপ্রিয় হওয়া কোনো অপরাধ নয়, নেতৃত্ব দেওয়া কোনো মৃত্যুদণ্ড নয়।

ওসমান হাদির মৃত্যু আমাদের শোকাহত করেছে, ক্ষুব্ধ করেছে, কিন্তু একই সঙ্গে দায়িত্বও বাড়িয়েছে। তাঁর আদর্শ, তাঁর সাহসী কণ্ঠ আর গণতান্ত্রিক স্বপ্ন যদি আমরা ধারণ না করি, তবে এই হত্যাকাণ্ড কেবল আরেকটি সংখ্যা হয়ে থাকবে।

ওসমান হাদি নেই—কিন্তু তাঁর জনপ্রিয়তা, তাঁর ভাবনা এবং তাঁর সংগ্রাম রয়ে গেছে মানুষের মনে। প্রশ্ন একটাই—আমরা কি সেই উত্তরাধিকার রক্ষা করতে পারবো?

author

Editor

ওসমান হাদি: হত্যা থামাতে পারেনি জনপ্রিয়তার স্রোত

Please Login to comment in the post!
adds

you may also like