- by Editor
- Jan, 03, 2025 07:49
২০ ডিসেম্বব বেলা সাড়ে ১১টার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন সব শোক ও প্রতিজ্ঞার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। চোখে জল, মুখে শোক—তবু বিচার পাওয়ার দাবিতে সবাই ছিলেন দৃঢ় ও সোচ্চার।
শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সব প্রবেশপথে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন রয়েছে র্যাব ও আনসার। বিশেষ টহলে রয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন ব্যবহার করছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি।
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল শোক মিছিলের মাধ্যমে হাদির মরদেহ জানাজার মাঠে আনার প্রস্তুতি চলছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ হাদির পরিবারের বিশেষ ইচ্ছা ও দাবির প্রতি সম্মান জানিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে।
এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ হাদির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াইয়ের পর গত ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার কফিন দেশে পৌঁছালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
গণঅভ্যুত্থানের পর থেকে শহীদ শরীফ ওসমান হাদি তরুণ প্রজন্মের কাছে সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মানুষের এই উপচে পড়া ভিড় তারই প্রতিফলন। জানা গেছে, আজ বিকালেই কবি নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায় তার দাফন সম্পন্ন হবে।