আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ রাত | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে প্রত্যাবর্তন


নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে প্রত্যাবর্তন করেছে।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে মরদেহগুলো আনা হয়। বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন।

মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইয়ে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা’র ফোর্স কমান্ডারের প্রতিনিধি ও চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), সেনা সদর দপ্তরের ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।

এ সময় সকল উপস্থিত ব্যক্তি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সামরিক রীতিনীতি অনুযায়ী সকল সামরিক কর্মকর্তা শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।

জানা গেছে, আগামীকাল ২১ ডিসেম্বর ২০২৫ (রোববার) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে শহীদ শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল-৩)-এ চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সকলেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

author

Editor

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে প্রত্যাবর্তন

Please Login to comment in the post!
adds

you may also like