আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ সকাল | ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সম্পাদকীয়: ক্ষমতার ছলনা নয়, চাই সত্যিকারের জবাবদিহি


সম্পাদকীয়: ক্ষমতার ছলনা নয়, চাই সত্যিকারের জবাবদিহি

খুন, ধর্ষণ, অবিচার, ছিনতাই—যে অপরাধগুলো একসময় বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হতো, আজ তা যেন আমাদের দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে দাঁড়িয়েছে। আগে যা ছিল ভয়াবহ, এখন তা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে সমাজকে গ্রাস করছে। অপরাধের মাত্রা যখন বেড়েই চলেছে, তখন প্রশ্ন জাগে—কোথায় সেই জনবল, কোথায় সেই জনশক্তি, যাদের দায়িত্ব ছিল এই সমাজকে নিরাপদ রাখা?

দুঃখজনক হলেও সত্য, আমাদের নিরাপত্তা-ব্যবস্থা অনেক জায়গায়ই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর একটি অংশ দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে—এ কথা সত্য; কিন্তু যে অংশটি দায়িত্ব পালনের বদলে ছল-চাতুরীর আশ্রয় নেয়, তাদের কারণেই পুরো ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। যখন ক্ষমতাই হয়ে ওঠে ছলনার হাতিয়ার, তখন বাহুবল প্রদর্শন ছাড়া আর কিছুই থাকে না। অথচ বাহুবল কখনোই স্থায়ী সমাধান দেয় না; বরং তা আস্থা, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিকে দুর্বল করে দেয়।

জনগণকে শক্তিশালী বলেই গণতন্ত্র টিকে থাকে। জনবল যদি ক্ষমতার মোহে জনতার আস্থা হারিয়ে ফেলে, তবে কোনো বাহুবলই আর যথেষ্ট হবে না। কারণ, সময়ের প্রবাহে মিথ্যার মুখোশ একদিন খুলেই যায়, আর তখন সত্য প্রকাশ পায় অর্নবচ্ছিন্ন প্রবাহের মতো। তাই আজ জরুরি হলো—স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিক মূল্যবোধের চর্চা। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে এই নৈতিক অবস্থানে ফিরে আসতে হবে।

অপরাধ কমাতে শুধু কঠোরতা নয়, দরকার ন্যায়বিচার নিশ্চিত করা; দরকার জনআস্থা ফিরিয়ে আনা। ক্ষমতার অহংকার নয়, প্রয়োজন জনগণের প্রতি দায়িত্ববোধ। অন্যথায় অপরাধের ঢেউ আরও বাড়বে, আর ব্যবস্থা যতই বাহুবলে নিজেকে শক্তিশালী দেখাক না কেন, শেষমেশ তা ভিতর থেকেই ভেঙে পড়বে।

সমাজ বদলাতে চাইলে প্রয়োজন সৎ নেতৃত্ব, জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও জনগণের অংশগ্রহণ। ছলনা নয়—সত্য ও ন্যায়ই পারে আমাদের পথ দেখাতে।

author

Editor

সম্পাদকীয়: ক্ষমতার ছলনা নয়, চাই সত্যিকারের জবাবদিহি

Please Login to comment in the post!
adds

you may also like