- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে সেনাবাহিনীর পৃথক তিনটি অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে দুইটি আইফোনসহ ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়। অভিযানের সময় মন্টু তালুকদারের স্ত্রী ও শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়।
একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামে এক যুবককে আটক করা হয়। পাশাপাশি ডামুড্যা এলাকায় পৃথক অভিযানে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।