- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অভিযানে সফলতা অর্জন করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে কেএমপি হেডকোয়ার্টার্সে কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেএমপি’র হরিণটানা থানা পুলিশের সদস্যদের সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি পরিচালিত এক সফল অভিযানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপি’র অবস্থান ‘শূন্য সহনশীলতা’। নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহ ও প্রেরণা জোগাবে।
সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনার জন্য পুরস্কৃত সদস্যরা হলেন— এসআই (নিঃ) মো. রাসেল হোসাইন, এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম, এসআই (নিঃ) মো. রেজোওয়ান উজ্জামান, এএসআই (নিঃ) মো. আল মামুন, এএসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. তহিদুল ইসলাম, কনস্টেবল মো. হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা এবং কনস্টেবল রায়হান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।