- by Editor
- Jan, 03, 2025 07:49
নিজস্ব প্রতিবেদক: খুলনা, ১২ ফেব্রুয়ারি: খুলনায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে আলিয়া মাদ্রাসা একাডেমিক ভবনের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় কচি অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় জানান, “মহিবুজ্জামান কচিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।”
খুলনা সদর থানার ওসি কবির হোসেন বলেন, “সকালে কেন্দ্রের ভেতর ও বাইরে কিছু সময় উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম দাবি করেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলতে থাকে।
এদিকে, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, “আলিয়া মাদ্রাসা কেন্দ্রে জামায়াত সংশ্লিষ্ট এক ব্যক্তির ধাক্কায় কচির মৃত্যু হয়েছে।” তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, “আমি কাউকে ধাক্কা দিইনি। অন্য কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে কিছু অনিয়ম দেখেছি। কাউকে বের করে দিতে দেখিনি, বরং সবাইকে শান্ত থাকতে বলেছি।”
জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, “তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজনৈতিকভাবে জামায়াতকে জড়ানো অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।