আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ সকাল | ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে র‍্যাব


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): কুমিল্লার সদর উপজেলায় কটক বাজার এলাকায় দুটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কোনো ব্যক্তি আটক না হলেও উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্তে তদন্ত চলছে।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর উপজেলার কটক বাজার এলাকায় অভিযান শুরু করে। সন্দেহজনক দুটি পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়ায় পরে পুকুর দুটিতে সেচ কার্যক্রম শুরু করা হয়।

দীর্ঘ সময় ধরে পরিচালিত এই অভিযানে পুকুর থেকে উদ্ধার করা হয় ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র, ২৯ রাউন্ড গুলি, পাশাপাশি বিপুল পরিমাণ চাইনিজ কুড়াল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। টানা কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সমাপ্ত হয়।

এ বিষয়ে দুপুর ১২টার দিকে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, ভোর থেকেই অস্ত্র উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কে বা কারা এখানে মজুদ করেছে—সে বিষয়ে অনুসন্ধান চলছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যেকোনো সন্দেহজনক তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

author

Editor

কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে র‍্যাব

Please Login to comment in the post!
adds

you may also like