- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সেনা সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার শাপমারি ও ভাতশালা ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে হাফেজ মিয়া নামের একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।
অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে একটি শটগান উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত শটগানটি ২০২৪ সালের ০৫ আগস্ট পুলিশের লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত একটি আগ্নেয়াস্ত্র।
পরবর্তীতে আটককৃত হাফেজ মিয়াকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।