আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ সকাল | ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রের একটি চালান হাতবদলের মুহূর্তে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি স্টেনগান, থানায় ব্যবহৃত ৪টি লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র সরবরাহে জড়িত থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন।

অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

author

Editor

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like