- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় মোহন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (গতকাল) সকালে উপজেলার জয়পুর গ্রামে নিজ ঘরের বিছানা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কুড়ালও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম পুতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রহিমনগর এলাকার ইসমাইল মিস্ত্রির বাড়ি থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।
নিহতের ছেলে শিমুল হোসেন জানান, তার বাবা মোহন আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে একটি মিষ্টির দোকানে কারিকর হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থল থেকে বাড়িতে ফেরেন। রাতে বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার মা হোসনেয়ারা বেগম তাদের কক্ষের দরজায় নক করে দরজা খোলা রাখতে বলে বের হয়ে যান। পরে তিনি আবার ঘুমিয়ে পড়েন।
তিনি আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দুলাভাইয়ের চিৎকারে ঘুম ভাঙলে গিয়ে দেখেন, তার বাবা বিছানায় রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন। এ সময় তার মাকে ঘরে কোথাও পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। শিমুলের দাবি, হত্যার পর তার মা প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যান এবং মোবাইল ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাজ্জাক বলেন, “ঘটনার পর নিহতের স্ত্রী পলাতক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।